কামারপুকুর বাসস্ট্যান্ডের পিছনের ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য
হুগলি, ২৬ অক্টোবর (হি.স.): হুগলির কামারপুকুর বাসস্ট্যান্ডের পিছনে একটি ঘর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে
কামারপুকুর বাসস্ট্যান্ড


হুগলি, ২৬ অক্টোবর (হি.স.): হুগলির কামারপুকুর বাসস্ট্যান্ডের পিছনে একটি ঘর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ডের পিছনে অবস্থিত একটি ঘরের ভিতর থেকে ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। দেহের অবস্থা দেখে দীর্ঘদিন ধরে সেটি ঘরের ভিতরে পড়ে ছিল বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঠিক কতদিন ধরে দেহটি সেখানে পড়েছিল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তির নাম কুন্তল ঘোষ। তিনি হুগলি জেলার গোঘাট-২ ব্লকের তারহাট এলাকার বাসিন্দা এবং পেশায় লরিচালক ছিলেন বলে জানা যাচ্ছে। যদিও তাঁর পরিচয় সম্পর্কে সরকারি ভাবে নিশ্চিত কোনও তথ্য এখনও সামনে আসেনি।

দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দেহের ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande