
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): দিল্লির বাসিন্দাদের জন্য নদীর বুকে ভ্রমণের নতুন অভিজ্ঞতা এনে দিতে শুরু হতে চলেছে প্রথম ‘নমো যমুনা রিভার সাফারি’। সোমবার এই প্রকল্পের প্রস্তুতি ও সামগ্রিক ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র।
পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন ছট উৎসবের আগেই দিল্লির সাধারণ মানুষের জন্য এই যমুনা সাফারির আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি উল্লেখ করেন, অন্যান্য শহরে গঙ্গা বা যমুনার মতো নদীতে নৌকাবিহারের সময় মানুষ যে মনোরম ও শান্ত অভিজ্ঞতা উপভোগ করেন, ঠিক তেমনই আনন্দ ও প্রশান্তি এখন দিল্লির মানুষও এই যমুনা সাফারির মাধ্যমে উপভোগ করতে পারবেন।
এই উদ্যোগকে দিল্লির জন্য একটি বিরাট সাফল্য এবং শহরবাসীর আনন্দের মাধ্যম হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার, দিল্লি প্রশাসন, পর্যটন দফতর এবং দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) যৌথ প্রচেষ্টাতেই এই প্রকল্পটি বাস্তব রূপ পেয়েছে। এই সফল উদ্যোগের জন্য তিনি সংশ্লিষ্ট সমস্ত বিভাগ ও প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ