
ভোপাল, ২৭ অক্টোবর (হি.স.): আগামী ১ নভেম্বর বিরোধী 'ইন্ডি' জোটের প্রস্তাবিত জনসভাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উৎসবের মরসুমে এই ধরনের রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা করে তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি কিংবা সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে কংগ্রেস নেতৃত্বের কোনও মাথাব্যথা নেই; তাদের একমাত্র লক্ষ্য নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা।
মঙ্গলবার ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশ, দেশের মানুষ কিংবা দেশের অর্থনীতি নিয়ে কংগ্রেসের কোনও বিন্দুমাত্র উদ্বেগ বা দায়বদ্ধতা নেই। তারা কেবল নিজেদের সঙ্কীর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতেই ব্যস্ত।
দীপাবলির মরসুমে ব্যবসায়ীদের উদ্বেগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ব্যবসায়ী মহল স্পষ্ট জানাচ্ছেন যে এখন দীপাবলির উৎসবের সময়—মানুষকে নির্বিঘ্নে আনন্দ উৎসব করতে দেওয়া হোক এবং ব্যবসায়ীদের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করার সুযোগ দেওয়া হোক। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস সম্পূর্ণ অনড় মনোভাব দেখাচ্ছে এবং তাদের দাবি যে কোনও মূল্যে তাদের কর্মসূচিই পূরণ করতে হবে। কংগ্রেসের কার্যকলাপে জাতীয় স্বার্থের কোনও প্রতিফলন নেই বলেও দাবি করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ