
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): রাজস্থানে নাবালিকা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারামের প্যারোলের মেয়াদ বাড়াতে অস্বীকার করল দেশের শীর্ষ আদালত। চিকিৎসার কারণ দেখিয়ে প্যারোলের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আসারাম। তবে আদালত সাফ জানিয়ে দিয়েছে, প্যারোলের সময়সীমা আর বাড়ানো হবে না।
মঙ্গলবারই তাঁর ২০ দিনের প্যারোলের মেয়াদ শেষ হচ্ছে এবং বিকেল ৫টার মধ্যে তাঁকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে রাজস্থান সরকারকে নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থাতেই যেন আসারামের শারীরিক অবস্থার যথাযথ যত্ন নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়।
শুনানি চলাকালীন আসারামের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল বর্তমানে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে এই যুক্তি মেনে নেয়নি সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যেই আত্মসমর্পণ করার কড়া নির্দেশ বহাল রাখা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে যোধপুরের আশ্রমে এক ১৬ বছর বয়সি নাবালিকাকে ধর্ষণের দায়ে ২০১৮ সাল থেকে আজীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন আসারাম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ