
সাহারসা, ২৭ অক্টোবর (হি. স.) : বিহারের সাহারসা জেলার সৌরবাজার নগর পঞ্চায়েতে ৭২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক আবাসন সহায়ককে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন দফতর। প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা মঞ্জুর করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের ডিএসপি সঞ্জয় কুমারের নেতৃত্বে আট সদস্যের একটি দল এই অভিযান চালায়। মঙ্গলবার দুর্নীতি দমন দফতর সূত্রে জানা গিয়েছে, সৌরবাজার নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরেকৃষ্ণ কুমার সাহ গত ৩০ সেপ্টেম্বর এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার বিনিময়ে আবাসন সহায়ক প্রত্যেকের কাছ থেকে ৮ হাজার টাকা করে ঘুষ চাইছিলেন।গত ১০ অক্টোবর অভিযোগের সত্যতা যাচাই করে নজরদারি দফতর। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পর মঙ্গলবার অভিযান চালানো হয়। সেই সময় ন'জন উপভোক্তার কাছ থেকে মোট ৭২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ওই আবাসন সহায়ককে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
মঙ্গলবার ওয়ার্ড কাউন্সিলর হরেকৃষ্ণ কুমার জানান, আবাসন সহায়ক প্রত্যেক উপভোক্তার কাছ থেকে ৮ হাজার টাকা করে কমিশন দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি ঘুষ দিতে রাজি না হওয়ায় পটনায় গিয়ে নজরদারি দফতরে অভিযোগ জানান। এরপর অভিযোগের সত্যতা যাচাই করে দফতর অভিযান চালায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস