জলসম্পদ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের অধীনে দেশজুড়ে চলমান বিভিন্ন জাতীয় প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনা করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল। মঙ্গলবার আয়োজিত উচ্চপর্যায়
জলসম্পদ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর


নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের অধীনে দেশজুড়ে চলমান বিভিন্ন জাতীয় প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনা করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল। মঙ্গলবার আয়োজিত উচ্চপর্যায়ের এক পর্যালোচনা বৈঠকে তিনি আধিকারিকদের প্রকল্পের পথে আসা সমস্ত অন্তরায় দ্রুত চিহ্নিত করে সেগুলি দূর করার এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার কড়া নির্দেশ দেন। বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী রাজ ভূষণ চৌধুরীও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী জানান, পর্যালোচনা বৈঠকে মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ সংস্থা তাদের চলমান প্রকল্প ও পদক্ষেপের সার্বিক খতিয়ান তুলে ধরে। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ, ফারাক্কা ব্যারেজ প্রকল্প, জাতীয় জল মিশন, কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট আধুনিকীকরণ, বেসিন ম্যানেজমেন্ট, জাতীয় জল উন্নয়ন সংস্থা, কেন-বেতোয়া নদী সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ, ব্রহ্মপুত্র নদী সংক্রান্ত বিষয়, ব্রহ্মপুত্র বোর্ড, ক্ষুদ্র সেচ পরিসংখ্যান ও জাতীয় জলবিজ্ঞান সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ ও সীমান্তবর্তী অঞ্চল কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজের গেট প্রতিস্থাপন, গঙ্গার নদীভাঙন রোধে গৃহীত পদক্ষেপ এবং সেই কাজ বাস্তবায়নে আসা যাবতীয় চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া জাতীয় জল মিশনের প্রাথমিক কার্যক্রম ও উদ্যোগের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট আধুনিকীকরণ প্রকল্পের অধীনে থাকা ৩৫টি পাইলট ক্লাস্টারের কাজ, বহু আলোচিত কেন-বেতোয়া লিংক প্রকল্পের খাল সংযোগ ও দৌধন বাঁধের অগ্রগতি এবং ব্রহ্মপুত্র বোর্ডের মাস্টার প্ল্যান ও ডিপিআর তৈরির কাজ খতিয়ে দেখা হয়। বৈঠকে ক্ষুদ্র সেচ সংক্রান্ত চারটি গণনার অগ্রগতি এবং জাতীয় জলবিজ্ঞান সংস্থার সাফল্য নিয়েও পর্যালোচনা করেন মন্ত্রী।

সি আর পাটিল আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরগুলির প্রধানদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি কার্যকরভাবে বাস্তবায়ন এবং প্রকল্পের কাজ নিয়মিত নজরদারির মধ্যে রাখার নির্দেশ দেন। প্রকল্পগুলি যাতে কোনোভাবেই নির্দিষ্ট সময়সীমা অতিক্রম না করে, তার জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর বিশেষ জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande