১৩ বছর পর তামিলনাড়ুতে অটো ভাড়ার পুনর্বিন্যাস, খুশি চালকরা
চেন্নাই, ২৮ অক্টোবর (হি.স.): দীর্ঘ ১৩ বছর পর রাজ্যে অটো-রিকশার ভাড়া সংশোধনের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল তামিলনাড়ু সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র (পরিবহন) দফতরের জারি করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই ভাড়ার কাঠামো কার্যকর ক
১৩ বছর পর তামিলনাড়ুতে অটো ভাড়ার পুনর্বিন্যাস, খুশি চালকরা


চেন্নাই, ২৮ অক্টোবর (হি.স.): দীর্ঘ ১৩ বছর পর রাজ্যে অটো-রিকশার ভাড়া সংশোধনের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল তামিলনাড়ু সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র (পরিবহন) দফতরের জারি করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই ভাড়ার কাঠামো কার্যকর করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, রাজ্যে অটো ভ্রমণের জন্য প্রথম ১.৮ কিলোমিটার দূরত্বের ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ৫০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য অতিরিক্ত ২৫ টাকা করে দিতে হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকা ও রাতের সফরের ক্ষেত্রেও সুনির্দিষ্ট ভাড়ার হার বেঁধে দেওয়া হয়েছে:

ন্যূনতম ভাড়া: প্রথম ১.৮ কিলোমিটারের জন্য ৫০ টাকা।

পরবর্তী দূরত্ব: প্রতি কিলোমিটারে ২৫ টাকা।

পাহাড়ি অঞ্চল : বেস বা ন্যূনতম ভাড়া ৬০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা।

রাতের ভাড়া: রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে ভ্রমণের ক্ষেত্রে নিয়মিত ভাড়ার ওপর ৫০ শতাংশ অতিরিক্ত সারচার্জ (১.৫ গুণ) প্রযোজ্য হবে।

অপেক্ষার চার্জ: প্রতি মিনিটের জন্য ১ টাকা ধার্য করা হয়েছে।

এর আগে ২০১৩ সালের আগস্ট মাসে রাজ্যে শেষবারের মতো অটোর ভাড়া সংশোধন করা হয়েছিল, যেখানে ন্যূনতম ভাড়া ছিল প্রথম ১.৮ কিমিতে ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিমিতে ১২ টাকা। বিগত এক দশকেরও বেশি সময়ে পেট্রোল-ডিজেল ও সিএনজির মূল্যবৃদ্ধি, যন্ত্রাংশের খরচ এবং জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও সরকারি ভাড়া না বাড়ায় তীব্র আর্থিক সংকটে ভুগছিলেন অটোচালকেরা। পোলাচির এক অটোচালক সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, তামিলনাড়ু সরকার দীর্ঘ ১৩ বছর পর অটো ভাড়ার পুনর্বিন্যাস করল। নতুন নিয়ম কার্যকর হওয়ায় চালকদের দৈনন্দিন উপার্জন অনেকটাই সুরক্ষিত হবে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের সাধারণ অটোচালকেরা অত্যন্ত খুশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande