'অর্ণব'-এর প্রভাব ওড়িশা ও বঙ্গে, পুরী ও দিঘায় উত্তাল সমুদ্র ও তীব্র জলোচ্ছ্বাস
পুরী ও দিঘা, ২৮ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশ উপকূলে তীব্র ঘূর্ণিঝড় ''অর্ণব''-এর আছড়ে পড়ার প্রক্রিয়ার সরাসরি প্রভাব পড়েছে সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। প্রতিবেশী অন্ধ্র উপকূলে তাণ্ডব চলার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর চরম উত্ত
'অর্ণব'-এর প্রভাব ওড়িশা ও বঙ্গে, পুরী ও দিঘায় উত্তাল সমুদ্র ও তীব্র জলোচ্ছ্বাস


পুরী ও দিঘা, ২৮ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশ উপকূলে তীব্র ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর আছড়ে পড়ার প্রক্রিয়ার সরাসরি প্রভাব পড়েছে সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। প্রতিবেশী অন্ধ্র উপকূলে তাণ্ডব চলার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর চরম উত্তাল রূপ ধারণ করেছে, যার ফলে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের দিঘা সৈকতে শুরু হয় বিশালাকার ঢেউ ও জলোচ্ছ্বাসের দাপট।

ওড়িশার পুরী উপকূলে বুধবার সকাল থেকেই সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল আকার ধারণ করেছে। সাগরে ক্রমাগত আছড়ে পড়তে থাকে কয়েক মিটার উঁচু বিশালাকার ঢেউ। উপকূলবর্তী এলাকায় বইছে দমকা ঝোড়ো হাওয়া। সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে পুরী জেলা প্রশাসন সৈকত সংলগ্ন এলাকায় কড়া নজরদারি জারি করেছে এবং তীর্থযাত্রী ও পর্যটকদের সমুদ্রের কাছে যাওয়ার ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ওল্ড দিঘা সৈকতেও ঘূর্ণিঝড় অর্ণব-এর প্রভাবে সকাল থেকেই শুরু হয়েছে উত্তাল জলোচ্ছ্বাস ও প্রবল ঝোড়ো হাওয়া। গার্ড ওয়াল টপকে সমুদ্রের নোনা জল ঢুকে পড়ছে সৈকত সংলগ্ন রাস্তায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিঘা উপকূলবর্তী থানা, সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে তৎপর রয়েছে। পর্যটকদের সৈকত থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার পাশাপাশি সৈকতে নামার ওপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রাখা হয়েছে। মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande