
মুম্বই, ২৮ অক্টোবর (হি. স.): অভিনেতা কার্তিক আরিয়ান পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা অপারেশন সিঁদুর-এ অভিনয় করবেন বলে আশা করা হচ্ছে। তাঁকে প্রধান চরিত্রে নেওয়া হয়েছে। তবে, প্রযোজকরা এখনও আনুষ্ঠানিকভাবে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। এই বছরের মার্চ মাসে বিবেক সিনেমাটি ঘোষণা করেছিলেন। এটি লেফটেন্যান্ট জেনারেল কেজেএস টাইনি ধিলনের লেখা অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান বইটির উপর ভিত্তি করে নির্মিত।
খবর অনুযায়ী, কার্তিক বর্তমানে পরিচালক শিমিত আমিনের সিনেমা ক্যাপ্টেন ইন্ডিয়া নিয়ে ব্যস্ত আছেন, যার প্রেক্ষাপট ইয়েমেনের হুথি সংঘাত। এর শুটিং শেষ করার পর তিনি অপারেশন সিঁদুর-এর প্রস্তুতি শুরু করতে পারেন। দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য ভ্যাকসিন ওয়ার -এর মতো সিনেমার জন্য পরিচিত বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে এটি হবে কার্তিকের প্রথম সিনেমা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভূষণ কুমারের টি-সিরিজ এবং বিবেক অগ্নিহোত্রীর আই অ্যাম বুদ্ধা প্রোডাকশনস।
বিবেকের মতে, অপারেশন সিঁদুর শুধু একটি দেশাত্মবোধক বা অ্যাকশন ড্রামার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ঘটনাগুলোকে যথাসম্ভব বাস্তবসম্মতভাবে উপস্থাপন করার জন্য সিনেমাটির ওপর ব্যাপক গবেষণা করা হচ্ছে। গল্পটি পহেলগাম সন্ত্রাসী হামলা এবং তার পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনীর প্রতিশোধমূলক সামরিক অভিযানের প্রেক্ষাপটে নির্মিত হবে। বলা হচ্ছে, সিনেমাটিতে ২০২৫ সালের ৬ থেকে ১০ মে-র মধ্যে সংঘটিত অভিযানের ঘটনাগুলো বিশেষভাবে তুলে ধরা হবে। দর্শকরা এখন সিনেমাটির আনুষ্ঠানিক কাস্টিং এবং অন্যান্য তথ্যের জন্য অপেক্ষা করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন