রাহুল গান্ধীকে নিশানা করে সুধাংশু ত্রিবেদী বললেন— জনসমর্থন মেলে পরিশ্রমে, ঘোরাঘুরিতে নয়
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার মতো আন্দোলন গড়ে তোলার কথা বলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করল বিজেপি। জনসমর্থন এবং বিধায়কদের সমর্থন তাঁর পাশে নেই, এই বাস্তবতা রাহুল গান্ধীর বুঝে নেওয়া উচিত বলে মন্তব্য
রাহুল গান্ধীকে নিশানা করে সুধাংশু ত্রিবেদী বললেন— জনসমর্থন মেলে পরিশ্রমে, ঘোরাঘুরিতে নয়


নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার মতো আন্দোলন গড়ে তোলার কথা বলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করল বিজেপি। জনসমর্থন এবং বিধায়কদের সমর্থন তাঁর পাশে নেই, এই বাস্তবতা রাহুল গান্ধীর বুঝে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী। তাঁর দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে জনসমর্থন না পাওয়াই রাহুলের ব্যর্থতার পরিচয়।

বুধবার রাহুল গান্ধীকে নিশানা করে সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, বিদেশ সফর থেকে ফিরে ভারতের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে, এমন আন্দোলনের কথা বলছেন কংগ্রেস নেতা। ত্রিবেদীর বক্তব্য, রাহুলের বোঝা উচিত যে দেশের মানুষ এবং বিধায়কেরা তাঁর পাশে নেই। তাঁর রাজনৈতিক কর্মসূচিও জনসমর্থন পাচ্ছে না বলে দাবি করেন বিজেপি সাংসদ।

সুধাংশু ত্রিবেদী বলেন, “প্রায় দু’সপ্তাহ ঘোরাঘুরি ও আনন্দ-ফুর্তি করে ফিরে এখন রাহুল গান্ধী ভারতের অর্থনীতিতে সমস্যা তৈরি করার জন্য আন্দোলনের কথা বলছেন। কিন্তু না জনতা তাঁর সঙ্গে রয়েছে, না বিধায়কেরা। তাঁর বোঝা উচিত, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। জনসমর্থন পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়, ঘুরে বেড়িয়ে নয়।”

রাহুল গান্ধীর রাজনৈতিক সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন ত্রিবেদী। তাঁর বক্তব্য, জনতার মধ্যে কাজ করা এবং তৃণমূল স্তরে নিজের প্রভাব বাড়ানোর প্রয়োজন রয়েছে রাহুলের। তিনি যে ধরনের রাজনৈতিক কর্মসূচি নেওয়ার চেষ্টা করছেন, তাতে সাফল্য আসছে না বলেও দাবি করেন বিজেপি সাংসদ।

বিজেপির সাংগঠনিক কর্মসূচির প্রসঙ্গ টেনে সুধাংশু ত্রিবেদী জানান, দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন পঞ্জাবে। এই প্রসঙ্গ উল্লেখ করেই রাহুল গান্ধীর সফর নিয়ে কটাক্ষ করেন তিনি।

নিজের বক্তব্যে ‘চম্পা’ শব্দটিরও উল্লেখ করেন ত্রিবেদী। তাঁর দাবি, ভিয়েতনামের প্রাচীন নাম ছিল চম্পা এবং রাহুল গান্ধী সেখানে ঘুরতে গিয়েছিলেন। এই মন্তব্যের মাধ্যমে রাহুলের বিদেশ সফরকে নিশানা করেন বিজেপি সাংসদ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande