
নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে দেশের শিল্প কৌশলকে নতুন দিশা দিতে গভীর অর্থনৈতিক মূল্যায়ন ও তরুণ প্রজন্মের উদ্ভাবনী ভাবনার মেলবন্ধনের ওপর জোর দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত এসআইডি-আইডিআরএ-র চতুর্থ জাতীয় সম্মেলনে অংশ নিয়ে দেশের দীর্ঘমেয়াদি শিল্প পুনর্গঠন ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এবারের সম্মেলনের মূল ভাবনা ছিল—‘ইন্ডিয়া’জ ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফর্মেশন: রিইম্যাজিনিং ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি অ্যামিডস্ট গ্লোবাল ইকোনমিক আনসার্টেনিটি’।
তিন দিনব্যাপী এই জাতীয় সম্মেলনের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অনেকদিন পর সমসাময়িক বিষয় নিয়ে এত গভীর ও তথ্যসমৃদ্ধ আলোচনার এমন একটি প্ল্যাটফর্ম দেখলাম। ভারতের অর্থনৈতিক ইতিহাস, সমসাময়িক অর্থনীতি এবং ভবিষ্যতের করণীয় কী হওয়া উচিত—এই তিন দিন ধরে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা এই সম্মেলনে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
সম্মেলনের মাঝেই খোশমেজাজে নিজের প্রাতিষ্ঠানিক যুক্ততার কথা ঘোষণা করেন পীযূষ গোয়েল। তিনি মঞ্চ থেকেই জানান, এই সংস্থার সদস্যপদ গ্রহণের আবেদনপত্র দেখে তিনি অত্যন্ত প্রভাবিত হয়েছেন। তিনি ঘোষণা করেন, আমি ফিরে গিয়েই ১০,০০০ টাকার চেক পাঠিয়ে আপনাদের এই সংস্থার আজীবন সদস্যপদ গ্রহণ করতে চাই।
হাস্যকৌতুকের পাশাপাশি সমসাময়িক শিক্ষাব্যবস্থা ও গবেষণার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগের কথাও অকপটে জানান কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে প্রবীণ বিশেষজ্ঞদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের নতুনভাবে ভাবার উদ্দীপনাময়ী মানসিকতার মেলবন্ধন বড় বিরল। এসআইডি-আইডিআরএ-র এই সম্মেলন সেই শূন্যস্থান পূরণ করে ভবিষ্যতের নীতি প্রণয়নে তরুণ গবেষকদের বাস্তব দুনিয়ার উপযোগী সিদ্ধান্ত নিতে এক বিশেষ দিশা দেখাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ