
ওয়াশিংটন, ৩ অক্টোবর (হি. স. )। : ওহিওর শ্রী স্বামীনারায়ণ মন্দিরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উত্তর আমেরিকার হিন্দুদের সংগঠনের তরফ থেকে শনিবার জানানো হয় এই হামলার ঘটনা। তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় মন্দিরে ভাঙা কাঁচের ছবি।
সম্প্রতি কয়েকবছর ধরে আমেরিকায় মন্দিরগুলি আক্রান্ত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির খলিস্তানিদের দিকে।
অভিযোগ করা হয়েছে, শুক্রবার বেশ কয়েকজন ভক্ত এবং একজন পুরোহিত মন্দিরে নবরাত্রির প্রস্তুতি নিচ্ছিলেন। সেসময়ে ইট ছোড়া হয় মন্দির লক্ষ্য করে। ভেঙে যায় মন্দিরের জানলা-দরজার কাঁচ। তবে এই আক্রমণে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন হিন্দুদের সংগঠন।
এখনও পর্যন্ত তদন্ত শুরু হয়নি বলেই খবর।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খলিস্তানিরা। অতীতে লন্ডন, অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা। মেলবোর্ন ও সিডনির একাধিক হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। বিশেষ করে, কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে বদলা নেওয়ার হুমকি দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।
এই খলিস্তানিদের লক্ষ্য প্রায় সবসময়ই থাকে মার্কিন মুলুকে স্বামীনারায়ণ মন্দিরগুলি। কখনও উপাসনালয়ে ভাঙচুর, কখনও মন্দিরের দেওয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত বিরোধী স্লোগান লেখা-একাধিক অভিযোগ উঠেছে খলিস্তানিদের বিরুদ্ধে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত