
কলকাতা, ৩ অক্টোবর (হি.স.) : টিকেটের চড়া দামের জন্য মাঠ ভরল না যুবভারতী স্টেডিয়ামে। আর খেলাতে মাঠে মন ভরাতে পারল না ব্রাজিল। তবে শক্তি, সামর্থ্য ও ঐতিহ্যে এগিয়ে থাকা দলটি মাঠ ছাড়ল বড় জয় নিয়ে। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ের ছাপ রাখল ভারতীয় দল।
সল্ট লেক স্টেডিয়ামে শনিবার রাতে ৪-০ গোলে জিতে এশিয়া সফর শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।
এস্তোভোঁ ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন সামুয়েল লিনো।
প্রথম ভালো সুযোগ পান ভিনিসিউস জুনিয়র। অষ্টম মিনিটে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট আটকান গোলরক্ষক।
সাত মিনিট পর প্রতি আক্রমণ থেকে অভিজ্ঞ ফরোয়ার্ড মনভির সিং সুযোগ কাজে লাগাতে পারেননি।
২৮ মিনিটে ব্রাজিলকে গোল এনে দেন এস্তেভোঁ। দুই দল মিলিয়েই এটাই ছিল লক্ষ্যে প্রথম শট।
৪২ মিনিটে রক্ষণচেরা পাস ধরে ডি বক্সে ঢুকে জাল খুঁজে নেন পেদ্রো। শরীরের খুব কাছ দিয়ে বলে হাত ছোঁয়ালেও গোল ঠেকাতে পারেননি গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজেদের অর্ধে বল হারানোর চড়া মাশুল দেয় ভারত। সতীর্থর পা ঘুরে অরক্ষিত লিনো ডি বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন।
৬৪ মিনিটে ভারতের রায়ান উইলিয়ামসের শট দূরের পোস্টে লাইন থেকে ফিরিয়ে দেন মাউরো জুনিয়র। তিন মিনিট পর উইলিয়ামসের আরেকটি শট কাছের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৪-০ ব্যবধান করেন লিনো। শরীর ঘেঁষে জালে যায় বল, ঠেকাতে পারেননি বদলি গোলরক্ষক। খেলাও শেষ হয় সেখানেই।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি