
কলকাতা, ৩ অক্টোবর (হি. স. ) : কলকাতা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন
(সি.ডি.এস.এ) ট্রেনিং সেন্টারের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা - ২০২৬
শুক্রবার বাগবাজারের নিবেদিতা উদ্যানে সফলভাবে অনুষ্ঠিত হলো।
এই প্রতিযোগিতায় উৎসাহী সাঁতারুরা অত্যন্ত ক্রীড়া-মনোভাবের সঙ্গে অংশ নেয়।
বালক ও বালিকা উভয় বিভাগেই ফ্রি-স্টাইল, ব্যাক-স্ট্রোক এবং ৪ X ২৫ মিটার ফ্রি-স্টাইল রিলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই সুইমিং পুল চত্বর দর্শক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ভিড়ে পরিপূর্ণ ছিল, যাঁরা সারাদিন ধরে খুদে সাঁতারুদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন দাস। তিনি আগামী দিনের তরুণ সাঁতারুদের ভবিষ্যৎ জীবনে সাঁতারে আরও উন্নতি করার আবেদন করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগান।
উৎসাহ দেওয়ার জন্য বালক-বালিকা নবীন সাঁতারুদের মেডেল দেওয়া হয়। সফল সাঁতারু প্রতিযোগীদের সোনা, রূপা ও ব্রোঞ্জ মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।
ক্রীড়া ক্ষেত্রে তৃণমূল স্তরে সাঁতারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত