
নয়ডা, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডায় পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। দু’জনেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
শুক্রবার ফেজ-১ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ধর্মেন্দ্র কুমার শুক্লা জানিয়েছেন, ওই থানা এলাকার সেক্টর ৯-এ নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মোনু শর্মা (৩৫)। তিনি রাম শুভম শর্মার ছেলে। মানসিক চাপে তিনি এই পদক্ষেপ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, সেক্টর ১১৩ থানা এলাকার সেক্টর ১২৩-এর গ্রিন বেল্ট সংলগ্ন একটি দেওয়ালে বেরিয়ে থাকা লোহার রড থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সেক্টর ১১৩ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রমোদ কুমার সিং জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস