
নয়ডা, ৩০ অক্টোবর (হি.স.): বহুতলের ব্যালকনিতে লাগানো টব থেকে ফুল তুলতে গিয়ে ঘটলো বিপত্তি। শুক্রবার সকালে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের নয়ডার বিসরখ থানার অন্তর্গত মহাগুন মাইউডস সোসাইটির ২৩ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো বাবা ও তাঁর ১১ বছরের ছেলের। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদের নাম রণদীপ পাত্র (৪০) ও আরভ (১১) ।
প্রাথমিক তদন্তে পুলিশকে রণদীপের স্ত্রী জানান, রাজস্থানের খাতু শ্যামে তাঁদের একটি সম্পত্তির রেজিস্ট্রি হওয়ার কথা ছিল। তাই বাবা ও ছেলে সকালে তাড়াহুড়ো করে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। মন্দিরে যাওয়ার আগে সকালে পুজোর জন্য ফুল তুলতে তারা ব্যালকনিতে যায় । ব্যালকনির টবে একটি লতা গাছ ছিল, যা দড়ির সাহায্যে ওপরের দিকে বেয়ে উঠেছিল। একটি মই লাগিয়ে ব্যালকনির ওপরের অংশ থেকে ফুল তোলার চেষ্টা করছিল তারা। সে সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে দু'জনেই নিচে পড়ে যায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক