
হুগলি, ৩০ অক্টোবর (হি.স.): কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর আগে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিডি) ও উত্তরপাড়া থানার যৌথ দল। বৃহস্পতিবার গভীর রাতে হিন্দমোটর এলাকায় এই অভিযান চালানো হয়।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের খবর পেয়ে হিন্দমোটরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযানে চারজনকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে স্কুল ব্যাগ ও কাঁধে ঝোলানো মোট দশটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।
ধৃতদের নাম পিন্টু বসাক, লাল্টু হাজরা, রাজকুমার মিস্ত্রী ও শুভম মুখার্জি। তাঁদের বাড়ি চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে ট্রেনে করে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল। পরে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় তা বিক্রির পরিকল্পনা ছিল। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়। তাঁদের পুলিশি হেফাজতে নিয়ে এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথায় কোথায় এই মাদক সরবরাহ করা হতো এবং ধৃতদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ।
শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, এই কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উৎসবের মরশুমে মাদক পাচার রুখতে পুলিশের এই অভিযানকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা