
মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.): শুক্রবার ভোরে মুম্বইয়ের বান্দ্রা (পশ্চিম) এলাকায় একটি পাঁচতলা মলে আগুন লাগে। মুম্বই দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়| এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। স্থানীয় পৌরসভার এক আধিকারিক জানান, এই অভিজাত এলাকার লিঙ্কিং রোডে ধনরাজ রেস্তোরাঁর কাছে অবস্থিত ভিএন স্ফিয়ার মলের তৃতীয় তলায় আগুন লাগে।
দমকল আধিকারিক এইচ.ভি. গিরকার বলেন, এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। ভোর ৫টা ৪৫ থেকে ৬টার মধ্যে দমকলের কাছে খবর আসে। সঙ্গে সঙ্গেই বান্দ্রা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যায়। তিনি জানান, মলের একটি রেস্তোরাঁর রান্নাঘর এবং খাবার জায়গায় আগুন লেগেছিল| এলাকাটি ধোঁয়ায় ভরে গিয়েছিল। দৃশ্যমানতা শূন্য থাকায় আগুন নেভানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল| কিন্তু দমকল কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করেন| কোনও হতাহতের ঘটনা ঘটেনি| তিনি বলেন, শীতলীকরণ প্রক্রিয়া চলছে| আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ