
গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.): ভুটানে একটি হিমবাহসৃষ্ট হ্রদ হঠাৎ ফেটে যাওয়ায় বিপুল পরিমাণে জল দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে| এর জেরে অসমে সংকোশ নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
অসমের শ্রীরামপুর, কোকড়াঝাড়, ধুবড়ি এবং চিরাং জেলার নদী তীরবর্তী এলাকাগুলিতে আকস্মিক বন্যার আশঙ্কায় নদীর তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
জানা গেছে, ভুটানের গাসা জেলায় অবস্থিত শিন্তাফু হ্রদে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। হিমবাহ ফেটে যাওয়ার ফলে হ্রদটি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসতে থাকে| এর জেরে নিচু এলাকায়, বিশেষ করে সংকোশ নদীর তীরবর্তী এলাকাগুলিতে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসন নদীর জলস্তর এবং জলের প্রবাহের দিকে ক্রমাগত নজর রাখছে। তবে, নিচু এলাকাগুলিতে এই ঘটনার প্রকৃত প্রভাব কতটা পড়েছে, তা এখনও সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি। যদিও, ভুটানে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ