গ্রেফতারির সময় পুলিশকে বাধা ও দুর্ব্যবহারের অভিযোগ, চেন্নাইয়ের ভেপেরি থানায় হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী পি. কে. শেখর বাবু
চেন্নাই, ৩০ অক্টোবর (হি.স.) : পুলিশের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শুক্রবার চেন্নাইয়ের ভেপেরি থানায় হাজিরা দিলেন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী তথা দ্রাবিড় মুনেত্র কাঝাগাম (ডিএমকে)-এর প্রবীণ নেতা পি. কে. শেখর বাবু। পুলিশি সমনের ভিত্ত
পুলিশের অসদাচরণ মামলায় থানায় হাজিরা দিলেন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী শেখর বাবু


চেন্নাই, ৩০ অক্টোবর (হি.স.) : পুলিশের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শুক্রবার চেন্নাইয়ের ভেপেরি থানায় হাজিরা দিলেন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী তথা দ্রাবিড় মুনেত্র কাঝাগাম (ডিএমকে)-এর প্রবীণ নেতা পি. কে. শেখর বাবু। পুলিশি সমনের ভিত্তিতে তিনি ব্যক্তিগতভাবে থানায় উপস্থিত হয়ে আধিকারিকদের প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় স্পষ্টীকরণ দেন। পুলিশ তাঁকে ঘটনার বিভিন্ন বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেছে।

মামলাটির সূত্রপাত প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পৈয়ামোঝির গ্রেফতারিকে কেন্দ্র করে। গত ২৬ অক্টোবর ১০০ কোটি টাকার একটি কথিত ঘুষ কেলেঙ্কারির অভিযোগে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হন আনবিল মহেশ পৈয়ামোঝি। সেই সময় ডিএমকে নেতা শেখর বাবু, সাংসদ কালানিধি ভীরাস্বামী এবং দলের বহু সমর্থক চেন্নাইয়ের পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অভিযোগ, ওই পরিস্থিতিতে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মীদের সঙ্গে প্রাক্তন মন্ত্রী শেখর বাবু, সাংসদ কালানিধি ভীরাস্বামী ও তাঁদের অনুগামীদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশের সঙ্গে দুব্যবহার করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক শোরগোল পড়ে যায়।

এই সঙ্ঘর্ষের ঘটনার পরেই ভেপেরি থানার পুলিশ প্রাক্তন মন্ত্রী শেখর বাবু ও ডিএমকে সাংসদ কালানিধি ভীরাস্বামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য শেখর বাবুকে সশরীরে হাজির হওয়ার সমন পাঠায় পুলিশ। সেই নির্দেশ মেনেই শুক্রবার সকালে ভেপেরি থানায় পৌঁছান শেখর বাবু, যেখানে পুলিশ আধিকারিকরা তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande