
চামোলি, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ ধাম থেকে শুক্রবার ফেরার পথে একটি হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবরকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বদ্রীনাথ ধাম ও জোশীমঠের মধ্যবর্তী এলাকায় হেলিকপ্টারটির কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার রাজ্য আপৎকালীন পরিচালন কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটির অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না বলে প্রশাসনকে জানানো হয়। খবর পাওয়ার পরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। হেলিকপ্টারটির অবস্থান জানতে প্রশাসন এবং সংশ্লিষ্ট হেলিকপ্টার সংস্থার কর্মীরা যৌথভাবে তল্লাশি চালাতে শুরু করেন।
এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করে জানান, জোশীমঠের চাই গ্রামের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ার দুঃখজনক খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি নিজে গোটা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন। গুরুতর আহতদের দ্রুত এয়ারলিফট করে উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হেলিকপ্টারের যাত্রীদের নিরাপদ থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস