
ইটানগর, ৩০ অক্টোবর (হি.স.) : পর্যটন মানচিত্রে ক্রমশ নিজের অবস্থান শক্তিশালী করছে অরুণাচল প্রদেশ। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ এবং আকর্ষণীয় পর্যটনকেন্দ্রের টানে রাজ্যে বাড়ছে দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা। এরই মধ্যে ২০২৫ সালে অরুণাচল প্রদেশে পর্যটকের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, গত এক দশকে রাজ্যের পর্যটন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০১০ সালের শুরুর দিকে যেখানে অরুণাচল প্রদেশে পর্যটকের সংখ্যা এক লক্ষেরও কম ছিল, সেখানে বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১০ লক্ষের গণ্ডি পেরিয়েছে। পর্যটকদের এই বিপুল বৃদ্ধি রাজ্যের পর্যটন শিল্পের বিকাশ এবং জনপ্রিয়তা বৃদ্ধিরই প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।
পেমা খান্ডু বলেন, অরুণাচল প্রদেশের পর্যটন সম্ভাবনা ক্রমশ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করছে। রাজ্যের পর্যটন ক্ষেত্রকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট’-এর মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মুখ্যমন্ত্রীর মতে, এই ধরনের আন্তর্জাতিক মঞ্চের মাধ্যমে অরুণাচল প্রদেশের পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এর ফলে পর্যটন মানচিত্রে রাজ্যের পরিচিতি আরও বিস্তৃত হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস