
লখনউ, ৩১ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশে শিক্ষাব্যবস্থা ধ্বংস এবং নির্বাচনী প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব। শনিবার লখনউয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যে ২৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে সেখানে মদের দোকান খোলার চক্রান্ত চালাচ্ছে বিজেপি সরকার।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে অখিলেশ যাদব অভিযোগ করেন, নির্বাচন কমিশনের চোখে এখন শুধুমাত্র বিজেপির সদস্যরাই যেন ভারতের প্রকৃত নাগরিক এবং বৈধ ভোটার। বিজেপির উন্নয়ন ও অর্থনৈতিক দাবির তীব্র সমালোচনা করে সপা প্রধান বলেন, আমাদের কাছে 'স্বচ্ছ ভারত', 'এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি' এবং 'ডিজিটাল ভারত'-এর বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অথচ বাস্তবে দেখা যাচ্ছে উত্তর প্রদেশে ২৬ হাজার বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তো শুনছি, যেখানে আগে এই ২৬ হাজার বিদ্যালয় ছিল, সেখানে নাকি এখন মদের দোকান খোলার প্রস্তুতি চলছে! শিক্ষার মাধ্যমেই মানবজীবনের মানোন্নয়ন ঘটে, কিন্তু বিজেপি মানুষের পড়াশোনার স্কুল বন্ধ করে সেখানে মদের দোকান তৈরি করছে।
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দলের ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দিয়ে অখিলেশ যাদব হুঁশিয়ারি দেন, আমাদের দলের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ এবং বিজেপির এই জনবিরোধী নীতির মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। উত্তর প্রদেশ থেকে এই দলকে হঠাতে পারলেই গোটা দেশ থেকেও তাদের বিদায় নিশ্চিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ