
দেহরাদূন, ৩১ অক্টোবর (হি.স.): দীর্ঘ প্রায় ১৮ বছর পর সম্পূর্ণ নতুন রূপ ও স্বতন্ত্র পরিচয় পেল উত্তরাখণ্ড পুলিশ বাহিনী। শনিবার দেহরাদূনে আয়োজিত 'সততার মাধ্যমে সমৃদ্ধি' শীর্ষক 'ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬'-এর অনুষ্ঠানে রাজ্যের পুলিশ বাহিনীর নতুন ফর্মেশন সাইন, ইনসিগনিয়া (সম্মানসূচক ব্যাজ), ক্রেস্ট এবং নতুন ইউনিফর্মের আনুষ্ঠানিক উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের পর, দীর্ঘ প্রায় ১৮ বছর ব্যবধানে উত্তরাখণ্ড পুলিশ এক নতুন আনুষ্ঠানিক পরিচয় লাভ করল। এই নয়া ইনসিগনিয়া ও প্রতীক কেবল পুলিশ বাহিনীর আত্মমর্যাদা ও গর্বের প্রতীকই নয়, তাদের দায়িত্ব ও কর্তব্যবোধকে আরও বহু গুণে বাড়িয়ে দেবে। বাহিনীর আধুনিকীকরণ ও দক্ষ নেতৃত্বের জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে (ডিজিপি) বিশেষ অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) সফলভাবে রূপায়ণ-সহ জাতীয় স্তরের একাধিক প্রশাসনিক উদ্যোগে উত্তরাখণ্ড পুলিশ আজ সারা দেশের মধ্যে শীর্ষস্থান ও বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে পুলিশ প্রশাসনকে আরও বেশি সংবেদনশীল ও পেশাদার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ