মুম্বই , ৩১ অক্টোবর (হি.স.): অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিচালনার ঘটনায় দ্বাদশ অভিযুক্ত অমরকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল মুম্বইয়ের বিশেষ দায়রা আদালত। শনিবার আদালতে পেশ করা হলে এই নির্দেশ দেওয়া হয়।
মুম্বই পুলিশ বৃহস্পতিবার স্থানীয় পুলিশের সহায়তায় হরিয়ানার সোনিপতের রোহনা গ্রাম থেকে অমরকে গ্রেফতার করে। শনিবার তাঁকে মুম্বইয়ে এনে আদালতে পেশ করা হয়। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ।
তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এর আগে এই ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলকেই ৬ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশের দাবি, গুলিচালনার ঘটনায় ব্যবহৃত অর্থ অনলাইনে স্থানান্তর করেছিলেন অমর। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, ওই টাকা দিয়ে একটি মোটরবাইক কেনা এবং ঘটনার সঙ্গে যুক্ত কয়েকটি হোটেলের ঘর বুক করা হয়েছিল।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনায় আগে গ্রেফতার হওয়া কুণালের বন্ধু ও প্রতিবেশী অমর। পুলিশের দাবি, কুণাল অমরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪০ হাজার টাকা পাঠিয়েছিলেন। পরে কুণালের কথায় অমর অন্য অভিযুক্ত রাধার অ্যাকাউন্টে ১২ হাজার টাকা স্থানান্তর করেন।
এই আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কী উদ্দেশ্যে টাকা পাঠানো হয়েছিল এবং গোটা ঘটনায় অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের
দেওয়া তথ্য অনুযায়ী, অমর দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং একটি সাপ্লিমেন্টসের দোকানে কাজ করেন। তাঁর বাবা-মা দিনমজুর। তবে অমরের পরিবারের দাবি, তিনি নির্দোষ এবং তাঁকে এই মামলায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া ১২ জন অভিযুক্তের মধ্যে ৯ জনই সোনিপতের বাসিন্দা। ফলে তদন্তে সোনিপত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। অভিযুক্তদের পারস্পরিক যোগাযোগ, আর্থিক লেনদেন এবং ঘটনার বিভিন্ন সূত্র জুড়ে গুলিচালনার নেপথ্যে থাকা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য