
একতা নগর, ৩১ অক্টোবর (হি.স.): জাতীয় একতা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১-তম জন্মবার্ষিকীতে গুজরাটের একতা নগরে বিশ্বের উচ্চতম প্রতিকৃতি 'স্ট্যাচু অব ইউনিটি'-তে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে একতা নগরের পর্যটন ও পরিকাঠামোগত মানোন্নয়নে ৪০০ কোটি টাকারও বেশি ব্যয়ের একাধিক জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। একই সঙ্গে তিনি সদ্য নির্মিত কৃত্রিম ‘রেইন ফরেস্ট’ এবং ‘বামন বাটিকা’ ঘুরে দেখেন।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে একতা নগরের জল পরিশোধন ও নিকাশি শোধনাগার, আধুনিক ফ্যাসাড লাইটিং, নর্মদা ঘাটের সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণ, আইআরসিটিসি হোটেল এবং একতা ট্রেইল ও ইকো ট্রেইল। এর পাশাপাশি একাধিক ভবিষ্যৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে উল্লেখযোগ্য হলো গোরা-ভাণ্ডরা সড়ক উন্নয়ন প্রকল্প, একটি সুসংহত জিরো-ওয়েস্ট স্মার্ট কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, খালওয়ানি ইকোট্যুরিজম কেন্দ্র এবং ক্যাকটাস ও বাটারফ্লাই গার্ডেনের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন।
পরিবেশবান্ধব ও সুস্থায়ী পর্যটন ক্ষেত্র হিসেবে একতা নগরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতেই এই প্রকল্পগুলি রূপায়ণ করা হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সর্দার সরোবর চত্বরে নতুন ইকোট্যুরিজম পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে রক্ষণাবেক্ষণ নিয়ে কথা বলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ