
বীরভূম, ৪ অক্টোবর (হি.স.): রবিবার সকাল থেকে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির তিনতলার জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল বছর তিনের এক শিশুর নিথর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্গত ইনতলাপাড়ায়। মৃত শিশুর নাম তানবীর শেখ।
রবিবার স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন সকালে তানবীর আচমকাই নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পাড়ার আশপাশের পুকুর থেকে শুরু করে ঝোপজঙ্গল— সর্বত্রই চলে তল্লাশি। এমনকি শিশুর সন্ধান পেতে এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়। কিন্তু কোনওভাবেই তানবীরের হদিশ পাওয়া যাচ্ছিল না।
অবশেষে বেশ কয়েক ঘণ্টা পর পাড়ার কয়েকজন মহিলা তানবীরদের বাড়ির তিনতলার ছাদে গিয়ে জলের ট্যাঙ্কের ভেতরে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুটি দুর্ঘটনাবশত জলের ট্যাঙ্কে পড়ে গিয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ