
নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স): ফ্লাইদুবাইয়ের সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের বীরত্ব প্রসঙ্গে কংগ্রেসের নীরবতা নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো সত্ত্বেও কংগ্রেস নেতৃত্ব কেন তাঁর প্রশংসায় একটি শব্দও উচ্চারণ করেনি, সেই প্রশ্ন তুলে সরাসরি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের জবাব দাবি করেছেন তিনি।
রবিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে সুধাংশু ত্রিবেদী বলেন, এখন আমরা কংগ্রেসের কাছে সরাসরি একটি বিষয় জানতে চাই— যারা জাকির নায়েককে শান্তির দূত বানিয়েছিল, আফজাল গুরুকে পরিস্থিতির শিকার বলেছিল, বুরহান ওয়ানিকে পথভ্রষ্ট যুবক আখ্যা দিয়েছিল, ইয়াকুব মেমনের ফাঁসিকে 'বিচারবিভাগীয় হত্যা' বলেছিল এবং বাটলা হাউস এনকাউন্টারের পর চোখের জল ফেলেছিল, তাদের মুখ থেকে এখন একটিও প্রশংসাসূচক শব্দ বেরোচ্ছে না কেন? ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যেভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চরম সাহসিকতার পরিচয় দিলেন এবং অসংখ্য মানুষের প্রাণ বাঁচালেন, তাঁর জন্য কেন কোনও বার্তা নেই? এই বিষয়ে আমরা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সরাসরি উত্তর দাবি করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ