কলকাতা-শিলিগুড়িগামী বাসে প্রায় ৪ কোটি টাকার মাদক উদ্ধার, তৎপর কৃষ্ণনগর কাস্টমস
কৃষ্ণনগর, ৮ অক্টোবর (হি.স.) : কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করল কৃষ্ণনগর কাস্টমস প্রিভেন্টিভ ইউনিট। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা বলে কাস্টমস সূত্রে জানা গ
মাদক উদ্ধার


কৃষ্ণনগর, ৮ অক্টোবর (হি.স.) : কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করল কৃষ্ণনগর কাস্টমস প্রিভেন্টিভ ইউনিট। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা বলে কাস্টমস সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণনগর কাস্টমস ডিপিইউ-এর ইন্সপেক্টর সুবোধচন্দ্র রায় জানান, গোপন সূত্রে খবর আসে, একটি যাত্রীবাহী বাসে নিষিদ্ধ নারকোটিক ড্রাগ পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ১২ নম্বর জাতীয় সড়কে শঙ্কর হোটেলের কাছে নাকা তল্লাশি শুরু করেন কাস্টমস আধিকারিকরা। কলকাতা থেকে শিলিগুড়িগামী ‘গ্রিন লাইন’-এর বাসটি সেখানে পৌঁছলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

বাসের নিচের ডিকিতে পোল্ট্রি ফিডের বস্তার আড়ালে লুকিয়ে রাখা তিনটি সন্দেহজনক বস্তা উদ্ধার হয়। বস্তাগুলির গায়ে মুরগির ছবি আঁকা ছিল। পরে কার্যালয়ে নিয়ে বস্তাগুলি খুলতেই উদ্ধার হয় প্রায় ৯৬ হাজার পিস ‘স্পাসমো প্রক্সিভন প্লাস’ ক্যাপসুল।

কাস্টমস সূত্রে জানা যায়, ওষুধটি সাধারণত ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে বেআইনিভাবে মাদক হিসেবে ব্যবহার ও পাচারের অভিযোগ রয়েছে। বাসের চালক ও কর্মীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কাউন্টার থেকে বুক করা পার্সেলটি শিলিগুড়ি কাউন্টারে নামানোর কথা ছিল। সেখানে প্রাপক এসে তা নেওয়ার কথা ছিল। ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া সামগ্রী NDPS আদালতে পেশ করা হবে। চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে কাস্টমস।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande