
টোকিও, ১ নভেম্বর (হি.স.): কয়েক দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রবিবার ভোরে দেশটির মিয়ে প্রিফেকচারের উপকূলবর্তী অঞ্চলে রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই কম্পন অনুভূত হয়। তবে কম্পনের তীব্রতা বেশি থাকলেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। উপকূলবর্তী এলাকায় কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মিয়ে প্রিফেকচারের শিমা শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং রাজধানী সু শহর থেকে কমবেশি ১১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। সু শহরের জনসংখ্যা আড়াই লক্ষেরও বেশি। ভূতাত্ত্বিকদের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের প্রায় ৩৫২ কিলোমিটার গভীরে অবস্থিত হওয়ায় ভূ-পৃষ্ঠে সরাসরি ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই কম হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থানের কারণে জাপানে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়। উল্লেখ্য, এর মাত্র কয়েক দিন আগে, গত ২৫ অক্টোবর জাপানের বোনিন দ্বীপপুঞ্জের কাছে ৬.৩ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। বারবার এই ধরনের কম্পনে উপকূলবর্তী বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও প্রশাসনের তরফে নজরদারি জারি রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ