
নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডি’ জোটের মেগা সমাবেশ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা জেপি নাড্ডা রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তীব্র নিশানা করেন। তিনি বলেন, রামলীলা ময়দানে যা ঘটছে, তা গণতন্ত্রের প্রতি সম্মান নয়, বরং গণতন্ত্রের নামে দেশকে নৈরাজ্যের মধ্যে ঠেলে দেওয়ার একটি সুচিন্তিত ষড়যন্ত্র। রবিবার এক্স-এ নাড্ডা বলেন, এটি এমন কিছু মানুষের পূর্বপরিকল্পিত নাটক, যাদের জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। জনসাধারণ এই সত্যটি খুব ভালো করেই বোঝে।
রাহুল গান্ধীর রাজনীতির মডেল ব্যাখ্যা করে তিনি বলেন, এর প্রথম ধাপ হলো— মিথ্যা ও গুজব ছড়ানো। দ্বিতীয় ধাপ হলো— রাস্তায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করা, তৃতীয় ধাপ হলো— দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা এবং চতুর্থ ধাপ হলো— বিদেশি শক্তির ইশারায় নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা।
তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী এবং ইন্ডি জোট গণতন্ত্রের আড়ালে এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যার ফলে দেশের শান্তি, অর্থনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রভাবিত হয়। নাড্ডা বলেন, ভারতে শক্তিশালী গণতন্ত্র দিয়েছে, যা বিরোধীদের ‘দাঙ্গার রাজনীতি’র মাধ্যমে নয়, বরং সংবিধান এবং জনগণের জনাদেশ দ্বারাই পরিচালিত হবে। তিনি আরও বলেন, এই মেগা সমাবেশ কংগ্রেসের রাজনৈতিক পতনের কফিনে শেষে পেরেক হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ