
নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের মেগা সমাবেশকে কেন্দ্র করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জে পি নাড্ডা। উৎসবের আবহে সমাবেশ ডেকে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটিরুজিতে আঘাত হানার অভিযোগ তুলে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি।
রবিবার জে পি নাড্ডা বলেন, এই অন্ধকার দিনে রাহুল গান্ধীর সংকীর্ণ ও নীচ মানসিকতা ফের প্রকাশ্যে এসেছে। যে দিনে সমগ্র দেশের উচিত ছিল শহিদ এবং নির্যাতিতদের স্মরণ করা, সেই দিনে রাহুল গান্ধী রামলীলা ময়দানে দাঁড়িয়ে নিজের স্বার্থান্বেষী রাজনীতির প্রচার করতে ব্যস্ত।
সমাবেশের সময় ঠিক করা নিয়ে কড়া প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এই পবিত্র উৎসবের মরশুমে পুরো দিল্লিকে থমকে দেওয়া, ক্ষুদ্র দোকানদার ও ব্যবসায়ীদের জীবন-জীবিকায় সরাসরি আঘাত হানা এবং দেশে দাঙ্গা ও অস্থিরতার পরিবেশ তৈরি করাই রাহুল গান্ধী ও কংগ্রেস দলের আসল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। উৎসবের সময় রাজনৈতিক কর্মসূচির নামে জনজীবন ও বাণিজ্য বিঘ্নিত করার অপচেষ্টা সাধারণ মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ