এক টাকায় হেডফোন কেনার অফারে হুড়োহুড়ি, ভিড় সামলাতে দোকান বন্ধ করতে বাধ্য খোশলা ইলেকট্রনিক্স
আসানসোল, ১ নভেম্বর (হি.স.): এক টাকায় হেডফোন কেনার আকর্ষণীয় অফার ঘিরে ব্যাপক ভিড় ও হুড়োহুড়ির সৃষ্টি হল আসানসোলের নিয়ামতপুরে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত দোকান বন্ধ করে দিতে বাধ্য হল খোশলা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ। পাশাপাশি অতিরিক্ত ভিড়ের
হেডফোন অফার


আসানসোল, ১ নভেম্বর (হি.স.):

এক টাকায় হেডফোন কেনার আকর্ষণীয় অফার ঘিরে ব্যাপক ভিড় ও হুড়োহুড়ির সৃষ্টি হল আসানসোলের নিয়ামতপুরে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত দোকান বন্ধ করে দিতে বাধ্য হল খোশলা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ। পাশাপাশি অতিরিক্ত ভিড়ের জেরে চিত্তরঞ্জন রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার পাশে বাইক পার্কিং করার অভিযোগে কয়েকজনকে জরিমানাও করে ট্রাফিক পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের প্রিয়া মোড় সংলগ্ন খোশলা ইলেকট্রনিক্সে এক টাকায় হেডফোন বিক্রির অফার চালু হয়। এই অফারের খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে দোকানের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন পড়ে যায়।

দোকান খোলার পর এক টাকায় হেডফোন সংগ্রহ করতে শুরু করেন ক্রেতারা। কিন্তু অফারের সুযোগ নিতে আসা মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে। শুরু হয় হুড়োহুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।এদিকে যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ট্রাফিক পুলিশ। তারা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তার পাশে বাইক রেখে যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে জরিমানা করে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এই অফারের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande