ইন্দ্রনগরে গ্যারেজ থেকে যন্ত্রাংশ চুরি করতে গিয়ে হাতেনাতে ধৃত চোর
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : বাড়িতে গাড়ির গ্যারেজ থেকে যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল চোর। রবিবার সকালে এনসিসি থানাধীন ইন্দ্রনগর কালীটিলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে আটক ক
হাতেনাতে চোর আটক


আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : বাড়িতে গাড়ির গ্যারেজ থেকে যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল চোর। রবিবার সকালে এনসিসি থানাধীন ইন্দ্রনগর কালীটিলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে আটক করে বেঁধে রাখেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দ্রনগর কালীটিলা এলাকায় বেশ কিছুদিন ধরেই বাড়িঘরে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে একটি বাড়িকে কেন্দ্র করে বারবার চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন বাসিন্দারা। রবিবার সকালে ওই বাড়ির গাড়ির গ্যারেজ থেকে যন্ত্রাংশ নিয়ে বের হওয়ার সময় স্থানীয়দের নজরে আসে অভিযুক্ত। সন্দেহ হওয়ায় তাঁরা তাকে আটক করেন। এরপর তাকে বেঁধে রাখা হয়।

এলাকাবাসীর অভিযোগ, একই বাড়িতে এখনও পর্যন্ত চারবার চুরির ঘটনা ঘটেছে। গত অষ্টমীর দিন বিকেলেও ওই বাড়িতে চুরি হয়েছিল। শুধু বাড়ির গ্যারেজেই নয়, বাড়ির মালিকের চন্দ্রপুরস্থিত গোডাউনের টিনের বেড়া কেটেও একাধিকবার যন্ত্রাংশ চুরি করা হয়েছে বলে অভিযোগ।

বারবার চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাসিন্দাদের অভিযোগ, প্রতিটি ঘটনার পর পুলিশকে জানানো হলেও চুরি রোধে পুলিশের পক্ষ থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চোরের দৌরাত্ম্য ক্রমশ বেড়েছে বলে দাবি তাঁদের।

রবিবার অভিযুক্তকে হাতেনাতে ধরতে পেরে স্বস্তি প্রকাশ করলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, বারবার অভিযোগ জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এমন পরিস্থিতির সৃষ্টি হত না।

এদিন এলাকাবাসী জানান, আটক ব্যক্তিকে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত করে চুরির সঙ্গে তার যোগসূত্র এবং অতীতের ঘটনাগুলির সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখবে বলে আশা করছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande