’ক্ষমতা নেই, তাই ভাইফোঁটাও নেই’—মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র রাজনৈতিক কটাক্ষ দিলীপ ঘোষের
কলকাতা, ১১ নভেম্বর (হি.স.) : ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার শুভ লগ্নে বুধবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তীব্র রাজনৈতিক কটাক্ষ হানলেন। বুধবার সকালে রাজারহাটের ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দি
ফোঁটা নিচ্ছেন দিলীপ ঘোষ


কলকাতা, ১১ নভেম্বর (হি.স.) : ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার শুভ লগ্নে বুধবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তীব্র রাজনৈতিক কটাক্ষ হানলেন। বুধবার সকালে রাজারহাটের ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানেই এক ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে তিনি স্থানীয় বোনেদের কাছ থেকে ফোঁটা গ্রহণ করেন। এই ফোঁটা গ্রহণ পর্বের পাশাপাশি রাজ্যে শিল্প, কর্মসংস্থান ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, বিগত বছরগুলিতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ভাইফোঁটার আয়োজন করা হতো। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তরের বহু বরিষ্ঠ নেতা প্রতি বছর নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ফোঁটা নিতে কালীঘাটে যেতেন। কিন্তু রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি বছরে সেখানে ভাইফোঁটার আয়োজন হবে কি না, তা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তৈরি হয়েছে।

এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করে দিলীপ ঘোষ বলেন, আগে মানুষ ক্ষমতার ও পাওয়ারের ফোঁটা নিতে যেত। আজ ক্ষমতা নেই, তাই ফোঁটাও নেই। তিনি আরও যোগ করেন, এমন অনেক ভাই ছিলেন, যাঁরা গত ৩০-৪০ বছর ধরে তাঁর থেকে ফোঁটা নিচ্ছিলেন। এবার দেখার বিষয় যে সেই ভাইরা এই পরিস্থিতিতে তাঁর কাছে ফোঁটা নিতে যান কি না।

দিলীপ ঘোষ আরও বলেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোঁটা নিতে যেতেন, তাঁরা মূলত একজন ব্যক্তির কাছে নয়, বরং রাজ্যের ‘মুখ্যমন্ত্রী’র কাছে যেতেন। এখন তিনি আর মুখ্যমন্ত্রী নন, তাই ভাইফোঁটার চেনা সমীকরণ ও পরিবেশও সম্পূর্ণ বদলে গিয়েছে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একাধিক বর্ষীয়ান নেতা প্রতি বছর কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফোঁটা নিতেন।

সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষের খোঁচা, এগুলি সবই ছিল ক্ষমতার ফোঁটা। এখন দিদির হাতে ক্ষমতাও নেই, আর সেই ভাইদেরও আর দেখা যাচ্ছে না। যাঁরা কেবল ক্ষমতার সুবিধা ভোগ করেন, তাঁদের পরিণতি এমনই হয়। তাঁর দাবি, সামাজিক ও পারিবারিক পবিত্র সম্পর্কগুলিতেও রাজনীতির রঙ মেশানো হয়েছিল, যার আসল রূপ এখন ধীরে ধীরে সবার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে প্রবাসী ভারতীয় সম্মেলন এবং রাজ্যে শিল্পায়নের সম্ভাবনা নিয়ে দিলীপ ঘোষ ইতিবাচক মন্তব্য করেন। তিনি জানান, উত্তরবঙ্গে বিশেষ শিল্প সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা চলছে, যেখানে বহু প্রবাসী ভারতীয়দের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ আনার বিষয়ে কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারেরই সদিচ্ছা রয়েছে। এতদিন প্রবাসী ভারতীয়রা পশ্চিমবঙ্গকে নিয়ে উদ্বেগে থাকতেন, কিন্তু বর্তমানে তাঁরাও এখানে এসে নতুন শিল্পে অর্থ বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছেন। এই ধরনের আন্তর্জাতিক মানের আয়োজন বাংলার সামগ্রিক বিকাশ ও শিল্প পুনরুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আশাপ্রকাশ করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande