
হাওড়া, ২৩ নভেম্বর (হি.স.): ব্যস্ত সময়ে নবান্নের কাছে দুর্ঘটনা! সোমবার সকাল ৯টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনা ঘটেছে। একটি যাত্রিবাহী বাস ধাক্কা মারে মোটরবাইকে। তাতে বাইক আরোহী এবং এক সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হয়েছেন। বাসটি যাত্রী নিয়ে বারাসতের দিকে যাচ্ছিল। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ সূত্রের খবর, সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দু'টি বাইক ও একটি মারুতি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। তারপরে রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। দ্রুত আহত দু'জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। দুর্ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে। পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ