পরেশনাথ মন্দির থেকে ফেরার পথে গিরিডিতে দুর্ঘটনা, মৃত জৈন দম্পতি
গিরিডি, ২৩ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র পরেশনাথ মন্দির দর্শন করে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের একটি বাস। রবিবার গভীর রাতে গিরিডি জেলার মধুবন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মে
পরেশনাথ মন্দির থেকে ফেরার পথে গিরিডিতে দুর্ঘটনা, মৃত জৈন দম্পতি


গিরিডি, ২৩ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র পরেশনাথ মন্দির দর্শন করে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের একটি বাস। রবিবার গভীর রাতে গিরিডি জেলার মধুবন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মেরে খাদে উল্টে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুজরাটের সুরাটের বাসিন্দা এক জৈন দম্পতির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং ১২ জনেরও বেশি পুণ্যার্থী গুরুতর জখম হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুজরাটের সুরাট থেকে প্রায় ৫০ জন জৈন ধর্মাবলম্বী পুণ্যার্থী পরেশনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। রবিবার রাতে দর্শন সেরে গুজরাট ফেরার ট্রেন ধরার জন্য তাঁরা বাসে চেপে টাটানগর রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাত প্রায় ১০টা নাগাদ মধুবন থেকে এক কিলোমিটার দূরে বাসটির চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসের সামনের কেবিনে বসে থাকা সুরাটের বাসিন্দা বাবুলাল বংশরাজ জৈন এবং তাঁর স্ত্রী বাদামি দেবী-র ঘটনাস্থলেই মৃত্যু হয়। ডুমরি-র এসডিপিও আবিদ খান দু'জনের মৃত্যু এবং এক ডজনেরও বেশি যাত্রীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুণ্যার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ও আর্তনাদ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মধুবন থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। জখমদের রাতেই দ্রুত পিরটাঁড় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়, যেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande