শিলাবৃষ্টিতে বরফের চাদরে ঢাকল হাফলং, পাহাড়ি শহরে লাদাখের আবহ
​হাফলং (অসম), ১১ নভেম্বর (হি.স.) :প্রকৃতির এক অভূতপূর্ব ও খামখেয়ালি রূপের সাক্ষী থাকল অসমের ডিমা হাসাও জেলার একমাত্র পাহাড়ি শহর হাফলং। বুধবার সকালে প্রবল বর্ষণের পাশাপাশি হঠাৎ শুরু হয় তীব্র শিলাবৃষ্টি। অল্প সময়ের মধ্যেই শিলার পুরু চাদরে ঢেকে যায়
Photo


​হাফলং (অসম), ১১ নভেম্বর (হি.স.) :প্রকৃতির এক অভূতপূর্ব ও খামখেয়ালি রূপের সাক্ষী থাকল অসমের ডিমা হাসাও জেলার একমাত্র পাহাড়ি শহর হাফলং। বুধবার সকালে প্রবল বর্ষণের পাশাপাশি হঠাৎ শুরু হয় তীব্র শিলাবৃষ্টি। অল্প সময়ের মধ্যেই শিলার পুরু চাদরে ঢেকে যায় গোটা শহরের রাস্তাঘাট, ঘরবাড়ির ছাদ ও খোলা প্রান্তর। সবুজ পাহাড়ের চেনা রূপ এক লহমায় বদলে গিয়ে হাফলং যেন রূপ নেয় বরফাবৃত কোনো শীতপ্রধান পার্বত্য অঞ্চলে। শহরের এই বিরল রূপ দেখে অনেকেই হিমালয়ের কোলের বরফে ঢাকা লাদাখের আবহাওয়ার সঙ্গে তুলনা করছেন।​‘ডিমা হাসাওয়ের রানি’ হিসেবে খ্যাত পর্যটনকেন্দ্র হাফলং তার মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য সবসময়ই ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় থাকে। তবে বুধবারের শিলাবৃষ্টির তীব্রতা শহরটিকে এক সম্পূর্ণ নতুন ও মোহময় রূপ প্রদান করে। শিলার পুরু স্তরে ঢাকা পড়ে যায় শহরের প্রধান সড়কগুলি। স্থানীয়দের কাছে সচরাচর দৃশ্যমান না হওয়া এই প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে বাসিন্দাদের মনে একই সঙ্গে বিস্ময় ও কৌতূহল তৈরি হয়।​ঝড়-বৃষ্টি থামার পর রাস্তায় জমে থাকা শিলাখণ্ডগুলিকে কেন্দ্র করে মেতে উঠতে দেখা যায় স্থানীয় শিশুদের। খুদেরা আনন্দে মেতে বরফ হাতে নিয়ে খেলায় মেতে ওঠে এবং বিরল মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করতে বাসিন্দারাও রাস্তায় নেমে আসেন। সমতলের কাছাকাছি পাহাড়ি শহরের বুকে এমন বরফের আস্তরণ সব বয়সের মানুষের কাছেই এক নতুন অভিজ্ঞতা এনে দেয়।​তবে তীব্র শিলাবৃষ্টি হওয়া সত্ত্বেও স্বস্তির বিষয় হলো, এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে স্থানীয় জেলা প্রশাসন। প্রকৃতির আকস্মিক রূপবদলের এই পর্ব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হাফলং শহরের জনজীবন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande