
নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর উপর ফের হামলা। বুধবার দুপুরে মীরবাজারের কাছে নওয়াপোরায় একটি সেতু পাহারার দায়িত্বে থাকা সিআরপিএফের জওয়ানদের লক্ষ্য করে এ কে-৪৭ থেকে গুলি চালাল মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা। হামলায় দুই কনস্টেবল ও এক হেড কনস্টেবল-সহ মোট তিন জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের লস্কর-ই-তইবা (LeT) এবং তার সহযোগী সংগঠনের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এক পুলিশ আধিকারিক জানান , দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। মোটরবাইকে আসা দুই হামলাকারীর মধ্যে একজন বিদেশি জঙ্গি এবং লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। গুলি চালানোর পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের উপর আচমকা এই হামলার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
আহত তিন জওয়ানের পরিচয়ও সামনে এসেছে। কনস্টেবল রাকেশ দাসের পায়ে গুলি লেগেছে। কনস্টেবল সন্তোষ চাদরুর পেট ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। হেড কনস্টেবল সোমবীর সিংয়ের বাঁ হাতে গুলি লেগেছে। আহতদের অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারীদের সম্ভাব্য পরিচয় ও জঙ্গি যোগসূত্র নিয়েও তদন্ত শুরু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্তরা লস্কর-ই-তইবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর সঙ্গে যুক্ত বলে পরিচিত লতিফ ভাটের সহযোগী হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এই যোগসূত্র এখনও তদন্তের পর্যায়ে রয়েছে।
সিআরপিএফের এক মুখপাত্র কুলগামে বাহিনীর নাকা চৌকিতে গুলিচালনার ঘটনার কথা নিশ্চিত করেছেন। হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের খোঁজে একাধিক দল মোতায়েন করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য