বিশাখাপত্তনমে সিআইআই পার্টনারশিপ সামিটে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আমন্ত্রণ পীযূষ গোয়েলের
বিশাখাপত্তনম, ১২ নভেম্বর (হি.স.): উৎপাদন ক্ষেত্র (ম্যানুফ্যাকচারিং), গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে নিজেদের পছন্দের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য বিশ্বব্যাপী বিনিয়োগকা
বিশাখাপত্তনমে সিআইআই পার্টনারশিপ সামিটে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আমন্ত্রণ পীযূষ গোয়েলের


বিশাখাপত্তনম, ১২ নভেম্বর (হি.স.): উৎপাদন ক্ষেত্র (ম্যানুফ্যাকচারিং), গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে নিজেদের পছন্দের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আহ্বান জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ৩১-তম ‘সিআইআই পার্টনারশিপ সামিট’-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারত বর্তমানে উন্মুক্ত বাজার, ক্রমবর্ধমান সক্ষমতা এবং একটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল নীতিগত পরিবেশ প্রদান করছে।

বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক অগ্রগতির খতিয়ান তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত চার থেকে সাড়ে চার বছরে ভারত ৩৮টি উন্নত দেশের সঙ্গে মোট ৯টি মুক্ত বাণিজ্য (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পন্ন করেছে। এর ফলে বিশ্বের প্রায় ৬০ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি-র সমতুল্য বিশাল বাজারে ভারতের প্রবেশাধিকার সুগম হয়েছে।

বক্তব্যে অন্ধ্রপ্রদেশের শিল্প ও বিনিয়োগ সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন পীযূষ গোয়েল। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশ বর্তমানে দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্য হিসেবে উঠে আসছে। বিশেষ করে উন্নত প্রযুক্তি, ড্রোন, মহাকাশ গবেষণা, গ্রিন হাইড্রোজেন, ডেটা সেন্টার এবং গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যে বিপুল সুযোগ রয়েছে।

বন্দরনগরী বিশাখাপত্তনমের রূপান্তরের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, শহরটি এখন ইস্পাতের মতো প্রথাগত শিল্পের গণ্ডি পেরিয়ে নতুন যুগের আধুনিক শিল্প ও প্রযুক্তির দিকে দ্রুত এগিয়ে চলেছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলির মোকাবিলায় বিশাখাপত্তনমের ঘুরে দাঁড়ানোর অদম্য মানসিকতা ও পরিকাঠামোগত দৃঢ়তা বড় মাপের বাণিজ্যিক ও বিনিয়োগ সম্মেলন আয়োজনের ক্ষেত্রে শহরটির সম্পূর্ণ প্রস্তুতিরই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ সরকার, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এবং কেন্দ্রীয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দফতরের (ডিপিআইআইটি) যৌথ উদ্যোগে আয়োজিত এই দু’দিনব্যাপী শীর্ষ সম্মেলনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ সহ দেশ-বিদেশের বহু বিশিষ্ট শিল্পপতি, নীতিনির্ধারক ও প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande