
আলমোড়া, ১২ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের আলমোড়ায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে, ধৌলছিনা থানার অন্তর্গত হারডায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়িতে থাকা তিন আরোহীর । বৃহস্পতিবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে প্রথমজন নিওলি গ্রামের বাসিন্দা হায়াত সিং (৩৬) এবং বাকি দুজন হারডা গ্রামের বাসিন্দা বাসন্তী দেবী (৪০) ও বীণা দেবী (১৯)। বাসন্তী দেবী ও বীণা দেবী সম্পর্কে মা ও মেয়ে।
বৃহস্পতিবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এর এক আধিকারিক জানান, এদিন আলমোড়ার বিপর্যয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে হারডায় গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া যায়। খবর পেয়ে সারিয়াপানি পোস্ট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় পুলিশ ও গ্রামবাসীদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে তিনজনের মৃতদেহ বের করে আনে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক