গোলাঘাটে ট্রেলার-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩ ৩৫ জনেরও বেশি যাত্রী নিয়ে যোরহাট থেকে গুয়াহাটির পথে যাচ্ছিল গাড়িটি, আহত অন্তত ১৩ জন
হাফলং (অসম) ১৩ নভেম্বর (হি স): শুক্রবার দুপুরে অসমের গোলাঘাট জেলার রংজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২৩ জনের। যাত্রীবোঝাই একটি ট্রাভেলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে
Accident


হাফলং (অসম) ১৩ নভেম্বর (হি স): শুক্রবার দুপুরে অসমের গোলাঘাট জেলার রংজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২৩ জনের। যাত্রীবোঝাই একটি ট্রাভেলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে পড়ুয়ারাও ছিল। গোলাঘাটের পুলিশ সুপার (এসএসপি) স্বপনীল ডেকা ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাভেলারটি উচ্চ অসমের যোরহাট থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। ৭১৫ নম্বর জাতীয় সড়কে কাজিরাঙার কোহরা এলাকার হাথিখুলি চা-বাগানের কাছে রংজানে গাড়িটির সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে ট্রাভেলারটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন কয়েক জন যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতদের প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্য দিকে, চিকিৎসকেরা ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অসমের মন্ত্রী অতুল বরা। তিনি উদ্ধার ও ত্রাণকার্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। দুর্ঘটনার কারণ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, গাড়িটির ক্ষয়ক্ষতির মাত্রা দেখে অতিরিক্ত গতিতে চলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তদন্তের পরেই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য প্রশাসনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধার ও ত্রাণকার্য তদারকির জন্য মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

একসঙ্গে ২৩ জনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোলাঘাট-সহ গোটা অসমে। জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande