
ঝাড়্গ্রাম,১৩ নভেম্বর ( হি স): আধুনিকতার ছোঁয়ায় ক্রমশ হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। তাই মেলার মতো উৎসবের মঞ্চে স্থানীয় লোকশিল্পী এবং জনজাতি সম্প্রদায়ের নিজস্ব নাচ, গান ও সংস্কৃতিকে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানালেন রাজ্যের পঞ্চায়েত দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের টুলিবড় গ্রামে গরু খুঁটন উৎসবে যোগ দিতে এসে এই বার্তা দেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক বিমান মাহাত এবং ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত। এদিন মন্ত্রী বলেন, একসময় গ্রামীণ জীবনের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক ছিল। ধানজমির জল নামলে গ্রামের মানুষ জমির আইল কেটে বিলে মাছ ধরতে যেতেন। লেটা, কই, শিঙি, মাগুর সহ বিভিন্ন ধরনের দেশীয় মাছ সহজেই পাওয়া যেত। সেই মাছ ছিল গ্রামের মানুষের কম খরচে পুষ্টিকর খাবারের অন্যতম উৎস। কিন্তু বর্তমানে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে জলাশয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ এবং গ্রামীণ জীবনের এক পরিচিত ছবিও ক্রমশ মুছে যাচ্ছে। তিনি বলেন, গ্রামের নির্মল পরিবেশ, প্রকৃতি ও নিজস্ব জীবনযাত্রার ঐতিহ্য ধরে রাখা প্রয়োজন। আধুনিকতার সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজেদের শিকড়কে ভুলে গেলে চলবে না। গ্রামের উৎসব ও মেলায় বাইরের আড়ম্বরের পাশাপাশি এলাকার নিজস্ব সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। জনজাতি সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, জঙ্গলমহলে সাঁওতাল, মুন্ডা, শবর, ওরাঁও, খেড়িয়া, ভূমিজ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি, নাচ, গান ও উৎসবের পরম্পরা রয়েছে। তাঁদের মধ্যে অনেক প্রতিভাবান লোকশিল্পীও রয়েছেন। তাই আগামী দিনে এই ধরনের মেলায় স্থানীয় লোকশিল্পীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত। তিনি আরও বলেন, মেলায় অন্তত এক থেকে দেড় ঘণ্টা স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। সেখানে সাঁওতালি নৃত্য, ভূমিজ নৃত্য সহ বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশিত হলে মেলার আকর্ষণ আরও বাড়বে। একই সঙ্গে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এলাকার মা বোনেরাও এই ধরনের অনুষ্ঠানে আনন্দের সঙ্গে অংশ নিতে পারবেন।আগামী দিনে এই মেলাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে জনজাতি সংস্কৃতি এবং স্থানীয় লোকশিল্পীদের বেশি করে যুক্ত করার আহ্বান জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো