
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.) :
ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিহিত করে এই বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। এর পাশাপাশি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের মতোই নিজের গ্রেপ্তারের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। উল্লেখযোগ্যভাবে, গত বুধবারই প্রশাসন মগরাহাট পশ্চিমের বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় এবং তাঁর চারজন নিরাপত্তারক্ষীকে সরিয়ে নেওয়া হয়, যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর তরজা শুরু হয়েছে।
শামিম আহমেদ দাবি করেছেন যে, নিরাপত্তা প্রত্যাহার করার পর থেকেই তিনি নিজের গ্রেপ্তারির আশঙ্কায় ভুগছেন। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের পর তাঁর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তিনি শঙ্কিত।
নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বিধায়ক জানান, বিরোধী দলনেতা হিসেবে তিনি প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন এবং তাঁর সঙ্গেই ছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে এটি দল ভাঙার এবং নির্বাচনী প্রতীক ছিনিয়ে নেওয়ার একটি ষড়যন্ত্র, তখনই তিনি নিজের ভুল স্বীকার করে নেন। মগরাহাট পশ্চিমের বিধায়ক নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামাও জমা দিয়েছেন, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ‘লোকতান্ত্রিক তৃণমূল’-এর সদস্য নন। এই ঘটনার পর থেকেই শামিম আহমেদ প্রতিনিয়ত খবরের শিরোনামে রয়েছেন।
শামিম আহমেদের অভিযোগ, তিনি ঋতব্রত শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরে আসায় প্রশাসন প্রতিহিংসামূলকভাবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। এর প্রমাণ হিসেবে তিনি তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়টিকে সামনে এনেছেন। বিধায়ক আরও একটি গুরুতর অভিযোগ তুলে বলেন, গত ১ নভেম্বর ডায়মন্ড হারবার থানার আইসি তাঁকে ফোন করে জানান যে পুলিশ সুপার (এসপি) তাঁর সঙ্গে দেখা করতে চান। পরদিন তিনি ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করলে, তাঁকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ধৃত ব্যক্তিগত সচিব সুমিত রায়ের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তবে তিনি সেই চাপের কাছে নতিস্বীকার করেননি। গোটা বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন শামিম আহমেদ, আর এবার তিনি কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ডায়মন্ড হারবারের সরিষায় একটি তৃণমূল কার্যালয়ে অভিযান চালিয়ে নগদ ১২ কোটি ৭৯ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। তাঁর দাবি, ডায়মন্ড হারবারে উদ্ধার হওয়া অর্থের সঙ্গে তাঁর স্বামীর কোনো সম্পর্ক নেই এবং সুমিতকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের এই ঘটনা সাজানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের সময় পুলিশ সুমিতের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছিল বলেও অভিযোগ করেছিলেন সুস্মিতা। এবার বিধায়ক শামিম আহমেদও সেই একই ‘ষড়যন্ত্রের’ তত্ত্ব সামনে এনে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ