এসসিও-র প্রথম সিভিলাইজেশনাল ডায়লগ ফোরামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সিভিলাইজেশনাল ডায়লগ ফোরাম আয়োজন করতে চলেছে ভারত। আগামী ২০ থেকে ২৩ নভেম্বর দিল্লির পুরানো কেল্লা প্রাঙ্গণে এটি আয়োজিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চের উদ্বোধন করবেন।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত


নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সিভিলাইজেশনাল ডায়লগ ফোরাম আয়োজন করতে চলেছে ভারত। আগামী ২০ থেকে ২৩ নভেম্বর দিল্লির পুরানো কেল্লা প্রাঙ্গণে এটি আয়োজিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চের উদ্বোধন করবেন। সম্মেলনে এসসিও-র ১০টি সদস্য দেশের প্রতিনিধিদের পাশাপাশি পর্যবেক্ষক ও সংলাপে অংশীদার দেশগুলির প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই সংলাপে পাকিস্তান-সহ সমস্ত সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত শুক্রবার ভারত মণ্ডপমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, এই মঞ্চের মূল উদ্দেশ্য হল এসসিও সদস্য দেশগুলির মধ্যে যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীন সভ্যতা, শিল্প, সাহিত্য ও ঐতিহাসিক ঐতিহ্যের মাধ্যমে পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করা। তিনি জানান, এই মঞ্চের পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের সেপ্টেম্বরে চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে উপস্থাপন করেছিলেন। এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিকে তাদের হাজার বছরের প্রাচীন সভ্যতা, সাংস্কৃতিক সাফল্য ও ঐতিহাসিক ঐতিহ্য ভাগ করে নেওয়ার জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ প্রদান করা। পরবর্তীতে সংস্থাটি এই প্রস্তাব গ্রহণ করে।

শেখাওয়াত বলেন, এই সংলাপে এখনও পর্যন্ত ১৫টি দেশের প্রতিনিধি ও সংস্কৃতি মন্ত্রীদের পক্ষ থেকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, বেলারুশ ও ইরান রয়েছে। মোট ২৫টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংলাপে পাকিস্তানের অংশগ্রহণের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সমস্ত সদস্য দেশকে আমন্ত্রণ পাঠানো হয়েছে| তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। শেখাওয়াত জানান, এই অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রক ও বিদেশ মন্ত্রক যৌথভাবে অংশগ্রহণ করবে। ষোড়শ শতাব্দীতে নির্মিত পুরানো কেল্লা এই আন্তর্জাতিক সাংস্কৃতিক সংলাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রথম সভ্যতামূলক সংলাপ মঞ্চ (সিভিলাইজেশনাল ডায়লগ ফোরাম) সদস্য দেশগুলির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, যৌথ সাংস্কৃতিক মূল্যবোধ এবং সভ্যতামূলক সহযোগিতাকে এক নতুন দিক নির্দেশ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক কূটনীতি এবং পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করার প্রচেষ্টা চালানো হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande