(আপডেট) কাজিরাঙা পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, মৃত্যু হয়েছে ট্র্যাভেলার চালক ও খালাসিরও
কাজিরাঙা (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : অসমের কাজিরাঙার রঙ্গাজানে ট্রাক এবং যাত্রীবাহী ট্র্যাভেলারের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। কোহরা হাসপাতালের মেডিক্যাল অফিসার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত সাতজনকে
অসমের কাজিরাঙায় ট্র্যাভেলার ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,


কাজিরাঙা (অসম), ১৩ নভেম্বর (হি.স.) :

অসমের কাজিরাঙার রঙ্গাজানে ট্রাক এবং যাত্রীবাহী ট্র্যাভেলারের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। কোহরা হাসপাতালের মেডিক্যাল অফিসার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জেএমসিএইচ) স্থানান্তরিত করা হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাভেলারটির চালক মাজিদ এবং খালাসি সুভাষেরও এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তাঁরা দু’জনেই নগাঁও জেলার কেচুয়ালির বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় ট্র্যাভেলারটিতে মোট ৩৫ জন যাত্রী সওয়ার ছিলেন। অন্যদিকে, এই ঘটনায় আহত ট্রাক চালককে পুলিশ হেফাজতে নিয়েছে; তাঁর হাতে চোট লেগেছে। প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে আটজনের দেহ বোকাখাত হাসপাতালে এবং বাকি দেহগুলি কোহরা হাসপাতালে রাখা হয়েছে।

দুর্ঘটনার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলি জোরকদমে ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই অসম সরকারের মন্ত্রী অতুল বোরা এবং পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বোরা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande