
আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.) : ভোট চুরির আশঙ্কা প্রকাশ করে নির্বাচনের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে পৌঁছে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। ভোট চোরেদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি।
আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ৪০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী সুভদ্রা চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন স্বামী বিবেকানন্দ ক্লাব, মডার্ন ক্লাব-সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। প্রচারে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করেন দলের নেতৃত্ব ও কর্মীরা।
নির্বাচনী প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা বলেন, প্রচারে মানুষের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ও সংশয় রয়েছে। বিশেষ করে ২০১১ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এবারের নির্বাচনে তাঁরা আদৌ নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না।
প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও ভোট চুরির অপচেষ্টা চলছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচনে জয় নিশ্চিত করার চেষ্টা করছে একটি মহল। এই পরিস্থিতিতে ভোটারদের আরও বেশি সতর্ক ও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ভোট চোরেদের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে। কোনও ধরনের ভয়, হুমকি কিংবা প্রলোভনের কাছে মাথা নত না করে প্রত্যেক ভোটারকে নিজের ভোট নিজে দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে। বিশেষ করে নির্বাচনের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
রাজনৈতিক মহলের মতে, পুর নির্বাচনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের প্রচার ক্রমশ তীব্র হচ্ছে। একদিকে উন্নয়ন ও প্রশাসনিক সাফল্যের প্রচার, অন্যদিকে অবাধ নির্বাচন এবং ভোটাধিকার সুরক্ষার প্রশ্ন তুলে বিরোধীদের পাল্টা আক্রমণ—সব মিলিয়ে আগরতলার নির্বাচনী আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ৪০ নম্বর ওয়ার্ডে সুভদ্রা চক্রবর্তীর সমর্থনে কংগ্রেসের এই বাড়ি বাড়ি প্রচারও সেই রাজনৈতিক তৎপরতারই প্রতিফলন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ