(আপডেট) মুম্বই পৌঁছলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন, খেললেন গলি ক্রিকেট
মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.) : তিন দিনের ভারত সফরে সোমবার মুম্বই পৌঁছলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। সফরের প্রথম দিনেই ব্যালার্ড এস্টেটে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং স্থানীয় তরুণদের সঙ্গে গলি ক্রিকেট খেলা
(আপডেট) মুম্বই পৌঁছলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন, খেললেন গলি ক্রিকেট


মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.) : তিন দিনের ভারত সফরে সোমবার মুম্বই পৌঁছলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। সফরের প্রথম দিনেই ব্যালার্ড এস্টেটে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং স্থানীয় তরুণদের সঙ্গে গলি ক্রিকেট খেলা তাঁদের এই সফরের অন্যতম বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। মুম্বইয়ে ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ব্রিটিশ রাজদম্পতি আগামী বুধবার নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজদম্পতির সফর ও নিরাপত্তার কথা মাথায় রেখে বাণিজ্যনগরী মুম্বইয়ের যান চলাচল ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে।

মুম্বই ট্র্যাফিক পুলিশের তরফে আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের বিভিন্ন অংশে যান নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ জারি করা হয়েছে। যদিও পুলিশের জনবিজ্ঞপ্তিতে মোট কতগুলি রুট ঘুরিয়ে দেওয়া (ডাইভার্ট) হয়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে প্রধান পরিবর্তনগুলির মধ্যে হুতাত্মা রাজগুরু চক এবং ফ্রি প্রেস রোডে ভিআইপি যানবাহনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। শহিদ ভগৎ সিং মার্গ থেকে ব্যালার্ড পিয়ারের দিকে যাওয়ার রাস্তায় সাধারণ যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং এন. মোরারজি রোডে উত্তর-দক্ষিণ অভিমুখী সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া, এনসিপিএ সংলগ্ন বিনয় কে. শাহ মার্গ এবং দোরাবজি টাটা রোডে পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। তবে অ্যাম্বুল্যান্স, দমকল এবং পুলিশের গাড়িকে এই সমস্ত বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর মুম্বইয়ে ষষ্ঠ ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের সমাধানে উল্লেখযোগ্য কাজের জন্য বিশিষ্টজনদের সম্মানিত করা হবে। এরপর ১৮ নভেম্বর রাজদম্পতি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের বৈঠক নির্ধারিত রয়েছে। এছাড়াও মুম্বই অবস্থানকালে ক্রিকেট, ফ্যাশন এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত একাধিক অনুষ্ঠানেও তাঁরা অংশগ্রহণ করবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande