
বারাবাঁকি, ২ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার হল। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক যুবকের। মৃত যুবকের নাম গয়াপ্রসাদ ওরফে বুচ্চি (৩০)। লখনউয়ের লোহিয়া হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় লখনউ হাইওয়ের বাইসনপুরওয়া মোড়ের কাছে দুটি বাইককে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যুবকের। গুরুতর আহত অবস্থায় গয়াপ্রসাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই সোমবার তাঁর মৃত্যু হয়।
চার যুবকই রামসনেহিঘাট এলাকার দলসিংহপুর গ্রামের বাসিন্দা। ধৌরেলিতে দুর্গাপুজোর ভোজের অনুষ্ঠানে যোগ দিয়ে দুটি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনায় জড়িত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে, উত্তর প্রদেশের প্রতিমন্ত্রী সতীশ শর্মা মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস