
মালদা, ২ নভেম্বর (হি.স.): সোমবার ১২ বছরের এক স্কুলছাত্রীর ছবি ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচকে। পরিবারের অভিযোগ, বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় এলাকারই এক কিশোর জোর করে ওই নাবালিকার ছবি তোলে। পরবর্তী সময়ে সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই স্কুলছাত্রী। পরে মায়ের কাছে সমস্ত ঘটনা জানায় সে। মেয়ের নিরাপত্তা ও ঘটনার বিচার চেয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার মা।
তবে পরিবারের অভিযোগ, অভিযোগ জানানোর পরও কোনও সুরাহা হয়নি। এমনকী, অভিযোগের জেনারেল ডায়েরি বা জিডি নম্বরও তাঁদের দেওয়া হয়নি। পাশাপাশি, অভিযোগ তুলে নেওয়ার জন্য স্থানীয়ভাবে সালিশির মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব এবং হুমকি ফোন আসছে বলেও দাবি পরিবারের।
নাবালিকার বাবা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ঘটনার নিন্দা করে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, এই বিষয়ে এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিশুটির পরিচয় ও গোপনীয়তা বজায় রেখে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়